২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাকর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

রাজশাহীতে এক সেনা কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে এক সেনা কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার সোনিয়া খাতুনকে (৯) বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সোনিয়া রাজশাহীর গোদগাড়ী উপজেলার পশ্চিম ভাটোপাড়া গ্রামের নলকূপ মিস্ত্রি নবাব আলীর মেয়ে। শিশুটির বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সোনিয়ার চাচাত ভাই কামাল হোসেন হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গত ১২ ফেব্র"য়ারি দুপুরে সোনিয়া সেনা কর্মকর্তার স্ত্রী কলির একটি কম্বল গায়ে দেয় ফেলে। এ কারণে গৃহকর্ত্রী সোনিয়াকে লোহার রড দিয়ে মারধর করেন। এতে তার বাম হাত ভেঙে যায়। মারধরের এক পর্যায়ে তার গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়। এ অবস্থাতেই তাকে বাসার বাথরুমে আটকে রাখা হয় এবং তাকে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। ওই দিন মেজর আসফাক ঢাকায় ছিলেন বলে জানান কামাল। মঙ্গলবার বাসায় ফিরে সোনিয়ার অবস্থা দেখে তার মা শিউলি বেগমকে ফোন করেন মেজর আসফাক। শিউলি বেগম মেয়েকে গ্রামের বাড়ি নিয়ে আসেন এবং পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করান। সোনিয়ার অবস্থার অবনতি হলে বুধবার রাতে ওসিসিতে ভর্তি করা হয় বলে জানান কামাল। নবাব আলী সাংবাদিকদের বলেন, "সোনিয়া গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো। কোরবানি ঈদের কয়েকদিন পর বড় ভাই ফরমান আলীর স্ত্রী নাসিমা বেগম সোনিয়াকে রাজশাহী সেনানিবাসে মেজর আসফাকের বাসায় কাজ করতে দেন। মেজর আসফাক এর আগেও নাসিমার ভাইয়ের দুই ছেলেকে চাকরি পেতে সহায়তা করেছেন, এই সূত্রেই তাদের পরিচয় বলে জানান নবাব আলী। এ ব্যাপারে মেজর আসফাকের সঙ্গে কথা বলার জন্য বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকরা রাজশাহী সেনানিবাসে যান। তখন সেনানিবাসের ফটকে দায়িত্বরত সেনা সদস্যরা সাংবাদিকদের জানান, মেজর আসফাক বাইরে 'কনফারেন্সে' গেছেন। তার মোবাইল ফোন নম্বর চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করা হয়। ওসিসি'র সমন্বয়কারী গোপেন আচার্য বলেন, মেয়েটিকে সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও ওসিসি'র আইনজীবী দিল সেতারা চুনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির একটি হাত ভাঙা, শরীর ক্ষতবিক্ষত, পেটের ব্যথায় কাতরাচ্ছে। তিনি বলেন, মেয়েটিকে তারা আইনি সহায়তা দেবেন। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা করার ব্যাপারে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। সোনিয়ার পরিবার মামলা না করলে রিট করে তারা শিশুটিকে আইনি সহায়তার আওতায় নিয়ে আসবেন বলে জানান চুনি। এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মেয়েটির শতভাগ চিকিৎসার ব্যাপারে তারা তৎপর রয়েছেন। ওসিসি সোনিয়াকে আইনি সহায়তা দেবে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে আশরাফুল বলেন, "মেয়ের অভিভাবকেরা যে ধরনের সহায়তা চাইবে, সেই রকম সহযোগিতাই করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/২২০১ ঘ.