ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার ওপারে কৃষি জমিতে বিমানবন্দর নির্মাণ করা হলে সেখানকার কৃষকদের মতামত নিয়ে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারী নেত্রী শিরিন আক্তার।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 'কৃষি জমি ও জলার বানিজ্যিকীকরণ এবং দরিদ্রদের ক্ষমতাহীনতা' শীর্ষক সেমিনারে তিনি বলেন, "আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।
"কিন্তু পদ্মার ্ওপাড়ে যেখানে বিমানবন্দর করা হবে সেখানে কৃষকরা তাদের জমি দিতে কী প্রস্তুত আছেন? কৃষকের জমি নিয়ে শিল্প গড়ে তুললে সেখানে কৃষকের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।"
মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে গত ৩১ জানুয়ারি ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হন। সংঘর্ষে আহত হয় অর্ধশত।
স্থানীয়দের আন্দোলনের মুখে গত ৩ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জে নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে পদ্মার অন্য পারে।
ওই ঘটনায় মোট ২১ হাজার জনকে আসামি করে চারটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়।
কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আক্তার সেমিনারে বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রজাতন্ত্রের সব কর্মচারীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আবুল বারাকাত।
প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ বলেন, দারিদ্র নিরসনে অথনৈতিক পুনর্বিন্যাস ও সুষম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন এএলআরডির নির্বাহী পরিচালক শাসুল হুদা।
অন্যদের মধ্যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খান, অধ্যাপক ড. শফিক্জ্জুামান প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেবি/জেকে/১৭১৫ ঘ.
bdnews24