২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে মালিকরা, খুলনার ১৮ রুটে বাস বন্ধ

রূপসা-বাগেরহাটের পরিবহন মালিকদের ধর্মঘটের কারণে খুলনা-মংলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার ১৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সমিতির নেতাদের নামে মামলা প্রত্যাহার এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

খুলনা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপসা-বাগেরহাটের পরিবহন মালিকদের ধর্মঘটের কারণে খুলনা-মংলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার ১৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সমিতির নেতাদের নামে মামলা প্রত্যাহার এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা। বুধবার সকাল ১১টা থেকে খুলনা-মংলা, খুলনা-বাগেরহাট, খুলনা-রামপাল, খুলনা-শরণখোলা, খুলনা-মোল্লারহাট, খুলনা-পিরোজপুর, খুলনা-ভাণ্ডারিয়া, খুলনা-বরিশাল, খুলনা-গোপালগঞ্জসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শুরু হওয়া এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটের হাজার হাজার যাত্রী। রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম শামীম রচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন তারা। তাদের অভিযোগ খুলনা জেলা পরিবহন মালিক সমিতির বিরুদ্ধে। সোমবার রূপসা উপজেলার তিলক কুদীর বটতলা এলাকায় সন্ত্রাসীরা তিনটি বাস ভাংচুর করে। ধর্মঘট আহ্বানকারীদের অভিযোগ, খুলনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এসএম মোজাফ্ফর রশিদী রেজা এবং সাধারণ সম্পাদক বিএম জাফরের মদদে ওই হামলা হয়েছে। ওই ঘটনায় রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে রূপসা থানায় একটি মামলা হয়। অন্যদিকে রূপসা সমিতির নেতাদের আসামি করে পাল্টা দুটি মামলা করে খুলনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। শামীম সাংবাদিকদের বলেন, "বাস ভাংচুরের পর মঙ্গলবার থেকে সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা রাস্তায় মিনিবাস চালকদের কাছে চাঁদাবাজি শুরু করে।" তবে মিনিবাস মালিকদের অভিযোগ প্রত্যাখ্যান করে খুলনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএম জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সঠিক তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে, কারা বাস ভাংচুর করেছে।" পাল্টা মামলার বিষয়ে তিনি বলেন, "তারা মামলা করতে পারলে আমরা কেন পারবো না।" চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জাফর বলেন, "কারা চাঁদাবাজি করে তা' খুলনার মানুষ জানে। খুলনা সড়ক পরিবহন মালিক সমিতির কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়।" ধর্মঘট আহ্বান 'অহেতুক এবং উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬২০ ঘ.