ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. মুহম্মদ ইউনূসের পদত্যাগ করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বিবিসিকে বলেছেন, বেসরকারি ব্যাংক-প্রধানের পদ থেকে স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছেছেন ইউনূস।
মুহিতের মন্তব্য বিষয়ে বিবিসিকে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস।
আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন এবং বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস ভোল্ফেনশনসহ অধ্যাপক ইউনূসের আরো কিছু সমর্থক গ্রামীণ ব্যাংকের সমর্থনে প্রচার শুরুর কয়েকদিন পর এ মন্তব্য করলেন অর্থমন্ত্রী মুহিত।
গ্রামীণ ব্যাংকের পরবর্তী প্রধান কে হবেন এবং ব্যাংকটি কিভাবে কাজ করবে সে বিষয়ে ইউনূসের সঙ্গে সরকার এক বছর ধরে আলোচনা করছে বলে জানান মুহিত।
মুহিত জানান, বাংলাদেশের নিয়ম অনুযায়ী কেউ ৬৫ বছর বয়স পর্যন্ত বেসরকারি ব্যাংকের প্রধান পদে থাকতে পারেন। ইউনূসের বয়স এর চেয়ে পাঁচ বছর বেশি।
বিবিসিকে মুহিত বলেন, "তার উচিত অন্য কাউকে [দায়িত্ব] দেওয়া; কেউ কোনো প্রতিষ্ঠানে আজীবন থাকতে পারেন না।"
গত বছরের ডিসেম্বর মাসে নরওয়ের টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংক থেকে এর সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ফান্ডে বিপুল পরিমাণ তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠে। দেশে বিদেশে ব্যাপক আলোচনার ঝড় ওঠে ওই প্রামাণ্যচিত্র প্রচারের পর। এ অবস্থায় গ্রামীণ ব্যাংক বিষয়ে পর্যালোচনায় একটি কমিটি করেছে সরকার।
মুহিত বলেন, "কমিটি হওয়ার পর আমি অধ্যাপক ইউনূসকে বলেছি, পর্যালোচনার সময়টুকুর জন্য তার নিজেকে [গ্রামীণ ব্যাংক] থেকে প্রত্যাহার করে নেওয়া ভালো হবে।"
"ইউনূস এতে রাজি হননি। তিনি বলেছেন, এখন পদ ছাড়লে গ্রামীণ ব্যাংক ধসে যাবে।"
সাম্প্রতিক এ পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত- এ কথা অস্বীকার করেছেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "দেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতার সঙ্গে [প্রধানমন্ত্রী শেখ হাসিনা] তার রেষারেষির কোনো প্রশ্নই ওঠে না। এটা একেবারেই অর্থহীন কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২৩৫৩ ঘ.
bdnews24