২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

প্রতিবারের মতো নানা আয়োজনে পালিত হয়ে গেলো স্বৈরাচার প্রতিরোধ দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো নানা আয়োজনে পালিত হয়ে গেলো স্বৈরাচার প্রতিরোধ দিবস। ১৯৮৩ সালের ১৪ ফেব্র"য়ারি 'মজিদ খানের শিক্ষানীতি প্রত্যাহার, বন্দি মুক্তি ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের' দাবিতে সারাদেশে 'ছাত্র সংগ্রাম পরিষদ'র ব্যানারে তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই দিন পুলিশের গুলিতে জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালীসহ সারাদেশে ১০ ছাত্র প্রাণ হারায়। দিবসটি উপলক্ষে সোমবার প্রগতির পরিব্রাজক দল (প্রপদ), প্রগতিশীল ছাত্রজোট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ কয়েকটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক কর্মসূচি পালন করে। প্রপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় এরশাদের সামরিক সরকারবিরোধী আন্দোলনে সর্বপ্রথম গ্রেপ্তার হওয়া তিন ছাত্রনেতার একজন ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহবায়ক শিবলী কাইয়ুম বলেন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলাম। কিন্তু সামরিক স্বৈরশাসন শেষ হলেও গণতান্ত্রিক সরকারের স্বৈরশাসন শেষ হয়নি। "গণতান্ত্রিক সরকারগুলোও সামরিক সরকারের মতো ছাত্র-জনতার আন্দোলন রুখে দিতে সবসময় তৎপর থাকে", বলেন তিনি। প্রপদ'র ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আরশাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান। পরে সংগঠনের কর্মীরা কবিতা, নাটক ও গণসঙ্গীত পরিবেশন করেন। এদিকে, দিবসটি উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট 'প্রগতিশীল ছাত্রজোট' ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ সময় এরশাদবিরোধী গণআন্দোলনে ছাত্রসমাজের দেওয়া সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক, বাণিজ্যিকীকরণমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় 'ছাত্রসমাজের ১০ দফা' বাস্তবায়নের দাবি জানায় তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রফেডারেশনের সভাপতি আরিফুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, ছাত্রইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল ও বিপ্লবী ছাত্রমৈত্রী নেতা রউফ। এছাড়া ডাকসু ভবনের সামনে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্রফেডারেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩০৩ ঘ.