চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ বিপর্যয় রোধে বনবিদ্যার সঙ্গে সম্পৃক্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স'র (ইফেসকু) পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, "নগরায়ন ও শিল্পায়নের ফলে বিশ্বের পরিবেশ বৈরি হয়ে উঠছে। এ অবস্থা চলতে থাকলে নতুন প্রজন্মের জন্য আর মুক্ত পরিবেশ থাকবে না।"
পরিবেশের এ বিপর্যয় রোধে বনবিদ্যার সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-শিক্ষার্থীরা সাধারণ মানুষের চেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে উল্লেখ করে তিনি সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদ, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (চট্টগ্রাম) মো. মোখলেছুর রহমান, ইফেসকু'র পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দিন প্রমুখ।
চবি'র ইন্সটিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স দক্ষিণ-পূর্ব এশিয়ায় বনবিদ্যা বিষয়ক প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৭৬ সালে চালু হয়।
এই ইন্সটিটিউট থেকে এ পর্যন্ত ২৬টি ব্যাচে সাতশ ৮৪ জন শিক্ষার্থী সনদ অর্জণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেবি/পিডি/২৩১৯ ঘ.
bdnews24