২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহতাসিন বিল্লাহর স্বজনরাও জঙ্গি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মহতাসিন বিল্লাহর স্বজনদের অনেকেই জেএমবি'র কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মহতাসিন বিল্লাহর স্বজনদের অনেকেই জেএমবি'র কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ঢাকায় পুলিশ ও র‌্যাব সদরদপ্তরে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। শুক্রবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরল ইউনিয়নের ফুলজোড় গ্রাম থেকে জেএমবির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোক্তাসিন বিল্লাহ্ (২৫) এবং এহসার সদস্য আল আমিনকে (১৭) র‌্যাব গ্রেপ্তার করেছে। মহতাসিন বিল্লাহ (২৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শকুনখোলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে দিনাজপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, মোহতাসিম বিল্লাহ'র স্ত্রী আসমা মিমি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের জানুয়ারি মাসে ঢাকার সবুজবাগ এলাকায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আটক রয়েছেন। বড়ভাই মোনতাসির বিল্লাহ জঙ্গি সংগঠনের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন। ওই হত্যার মামলায় মোহতাসিম বিল্লাহর ভগ্নিপতি জেএমবি'র সামরিক কমান্ডার আনোয়ার আলম ওরফে খোকা ওরফে নাজমুল ওরফে তুহিন ওরফে ময়নুল ওরফে ভাগ্নে শহীদ (৩২) এবং ছোট বোন বদরুন্নাহার লিমুর বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। বড় বোন নুরুন্নাহার হিমু জেএমবি'র আমির মাওলানা সাইদুর রহমানের স্ত্রী। হিমু একবছর ধরে জেল হাজতে আছেন। এসপি তাঞ্জিলুর রহমান আরো জানান, মহতাসিম বিল্লাহ'র ছোট বোন বদরুন্নাহার লিমু ২০০৫ সালে দিনাজপুর সরকারি কলেজে বাংলা অর্নাসে অধ্যায়নকালে জেএমবি'র সামরিক কর্মান্ডার ভাগ্নে শহীদকে বিয়ে করেন। পরে দু'জনই জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হন। পরবর্তীতে ভাগ্নে শহীদ গ্রেপ্তার হন। এছাড়া বড় বোন নুরুন্নাহার হিমুর সঙ্গে জেএমবি'র আমির মাওলানা সাইদুর রহমানের বিয়ে হলে পরিবারের সবাই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। পরিবারের সর্বশেষ দুই সদস্য বদরুন্নাহার ও মহতাসিম বিল্লাহ আত্মগোপনে থেকে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। এখন বদরুন্নাহার লিমুই শুধু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.