রাঙামাটি, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় জনসংহতি সমিতির এক সমর্থক খুন হয়েছেন। এ খুনের জন্য দলের একটি অংশকেই দায়ী করছে নিহতের পরিবার।
সূর্ষ চন্দ্র চাকমা (২৫) নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার অপহরণের পর হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাতে আঠারকছড়া ইউনিয়নের শিলছড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লংগদু থানার ওসি বেলায়েত হোসেন সিকদার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সূর্ষ মটর সাইকেলে একজন যাত্রী নিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় যান। ফেরার পথে দুস্কৃতকারীরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়।
রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহতের বড় ভাই পুতুল চন্দ্র চাকমা বাদি হয়ে লংগদু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বেলায়েত বলেন, "সূর্য পার্বত্য শান্তি চুক্তির সমর্থক বলে পরিবারের সদস্যরা দাবি করেছে। তাদের দাবি, জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে।"
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে এক যুগ আগে সরকারের শান্তি চুক্তির পর তারা সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে। তবে পাহাড়িদের একটি অংশ এর বিরোধিতা করে আলাদা দল ইউপিডিএফ গঠন করে।
সম্প্রতি জনসংহতি সমিতির আরেকটি অংশ সন্তু লারমার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আলাদাভাবে সাংগঠনিক কার্যক্রম চালানো শুরু করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৫২ ঘ.
bdnews24