২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত ঢাকায়

রাজধানীর ভাষানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাষানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে নিহত শহীদ ওরফে ন্যাড়া শহীদ (৩০) ভাষানটেক ১ নম্বর বস্তি এলাকার সিরাজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাত আড়াইটার সময় ভাষানটেক বালুর মাঠ এলাকায় র‌্যাব-৪ এর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শহীদ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৪টা ১০ মিনিটে শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।" র‌্যাবের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাত আড়াইটার দিকে বালুর মাঠ এলাকায় কিছু সন্ত্রাসী জড়ো হচ্ছিলো। ওই সময় সেখানে র‌্যাবের একটি টহল দল পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়। কিছু সময় 'গুলিবিনিময়ের' পর অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে শহীদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানায়। এসআই নূরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি চাকু, একটি রামদা ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত এক মাসে ঢাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ছয় জন নিহত হয়। এর মধ্যে নিরীহ ব্যক্তিও রয়েছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন অধিকার'র হিসেবে, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গত বছর ১০১ জন নিহত হয়। এই ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অভিহিত করে এটা বন্ধ এবং এতে জড়িত র‌্যাব-পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়ে আসছে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১০৪৫ ঘ.