শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ উপলক্ষে পুরনো গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞার প্রথমদিন শুক্রবার রাজধানীতে রাস্তায় গাড়ির সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম। এতে ছুটির দিনেও পথ চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসিকে।
এদিন নিষেধ না মেনে রাস্তায় নামানোর কারণে ৪২৩টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে এবং আটক করা হয় ২০টি।
অবশ্য সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ গাড়ির রঙ ও মেরামতের কাজ করা হয়েছে দায়সারাভাবে। এর পরও এসব গাড়ির রয়েছে প্রয়োজনীয় সনদ!
১৭ ফেব্র"য়ারি ঢাকায় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন হবে। বিদেশিদের কাছে দেশের সুন্দর রূপ উপস্থাপনের জন্য ১১ তারিখের আগে ঢাকায় সব পুরনো গাড়ি মেরামত ও রঙ করার নির্দেশ দেয় সরকার। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব গাড়ি আটক করা করার নির্দেশনা ছিলো।
শুক্রবার নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, বেশির ভাগ গাড়ির অবস্থা আগের মতোই। কিছু গাড়িতে শুধু সামনের অংশ রঙ করা হলেও পিছনে ও দুই পাশে কিছুই করা হয়নি।
শুক্রবার সকালে শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, নিউমাকের্ট, ধানমণ্ডি, শ্যামলী, এলাকা ঘুরে দেখা যায় এই দৃশ্য।
প্রেসক্লাব এলকায় বিকল্প পবিহনের চালকের সহকারী ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই প্রতিটি পয়েন্টে সার্জেন্টরা গাড়ি থামিয়ে দিচ্ছে। একটু উল্টা পাল্টা হলেই মামলা দিচ্ছে।
তবে মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া রঙ করার সনদ এবং বিআরটিএ'র ফিটনেস সার্টিফিকেট প্রাপ্ত গাড়ির চালকরা দাপিয়ে বেরিয়েছেন পুরো পথ।
অভিযোগ পাওয়া গেছে, সনদ দেওয়ার বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম মানা হয়নি।
শেরাটন মোড়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট বুরহান উদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরাও দেখছি গাড়িগুলো দায়সারাভাবে রঙ করা হয়েছে। কোনো কোনো গাড়ির শুধু সামনের অংশ রঙ করা হলেও পিছনে রঙ নেই। আমরা এধরনের গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছি।"
বেশিরভাগ গাড়ির চালকদের কাছেই গাড়ি রঙ করা হয়েছে- এই মর্মে মালিক সমিতির কাগজ ও বিআরটিএ'র ফিটনেস সার্টিফিকেট থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রাস্তায় যাত্রীর তেমন চাপ ছিলো না। এরপরও যারা রাস্তায় নেমেছেন অন্তত তাদের কথা শুনে এমনটি মনে হয়নি- তারা খুশি।
ধানমণ্ডি ৩২ নম্বর মোড়ে বাসের জন্য অপেক্ষারত মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বকাপ উপলক্ষে পুরনো গাড়ি মেরামত এবং রঙ করা হবে শুনে ভেবেছিলাম রাজধানীর চেহারা পাল্টে যাবে। কিন্তু আজ গাড়িগুলো দেখে তেমন কিছু মনে হচ্ছে না। আগের মতোই লক্কর-ঝক্কর অবস্থা।
তবে গাড়ির মালিকরা বলছেন ভিন্ন কথা। কেউ কেউ বললেন সময় কম পাওয়ায় ঠিকভাবে রঙ করা সম্ভব হয়নি।
অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খোন্দকার রফিকুল হোসাইন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা শহরে গাড়ির সংখ্যা অনেক। এত গাড়ি এক সঙ্গে রঙ করার জন্য মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। ঢাকার গ্যারেজগুলোতে এতো গাড়ি এক সঙ্গে রাখারও জায়গাও নেই। তাই এতো অল্প সময়ের মধ্যে সব বাস রঙ করা সম্ভব নয়।"
ডিএমপির সহকারি কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাফিক পুলিশের চারটি ডিভিশন আজ সারাদিন পুরো ঢাকা মহরে অভিযান চালায়। আজ ৪২৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ২০গাড়ি আটক করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/জেকে/২৩৫৪ ঘ.
bdnews24