ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারত শনিবার বৈঠকে বসছে।
কম সময় ও কম খরচে ভারতীয় পণ্য সেদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে পরিবহনে নয়া দিল্লি আশুগঞ্জ নদীবন্দর ব্যবহারের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে।
নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তির আওতায় ভারত আশুগঞ্জ বন্দর দিয়ে তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন করতে পারে। এবং উভয় দেশ গোয়ায় অনুষ্ঠেয় এ বৈঠকে আইডব্লিউটিটি চুক্তি নবায়ন করবে।"
গত বছরের জানুয়ারিতে নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যৌথ ইশতেহারের আলোকে বাংলাদেশ সরকার ওই বছরের মেতে আশুগঞ্জকে পঞ্চম বন্দর ঘোষণা করে।
পরবর্তীতে সরকার ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তিতে এক সংযোজনীর মাধ্যমে আশুগঞ্জ দিয়ে ত্রিপুরায় ভারতীয় কার্গো ট্রান্সশিপের অনুমোদন দিয়ে আশুগঞ্জকে দ্বিতীয় ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ঘোষণা করে।
দুদিনব্যাপী এ বৈঠকে আব্দুল মান্নান হাওলাদার ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি শুক্রবার গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত পরিবহন মাশুল নির্ধারণ না করেই ভারত আশুগঞ্জ বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের অনুরোধ জানিয়েছে।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত ওই চুক্তি সংক্রান্ত স্ট্যন্ডিং কমিটির বৈঠকে নয়া দিল্লি আশুগঞ্জ বন্দরকে পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তাব করে।
ওই বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, "বাংলাদেশ জানিয়েছে যে, ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তির আওতায় আশুগঞ্জকে বন্দর ঘোষণার জন্য শুল্ক সংক্রান্ত প্রয়োজনীয় নোটিশ জারি করা হয়েছে। এবং আশুগঞ্জে বিরাজমান সুবিধাদি কাজে লাগিয়ে কার্গো পরিবহনে তারা রাজি।"
নৌ-সচিব জানান, ভারতীয় ঋণের অর্থে আশুগঞ্জ কনটেইনার টার্মিনাল ২০১৩ সাল নাগাদ নির্মাণ করা হবে। আর সেটি হলেই কনটেইনার পরিবহন সম্ভব হবে।
শনিবারের বৈঠকে খানপুরে কনটেইনার ওঠানো-নামানোর বিষয় নিয়েও আলোচনা হবে।
"এটি অলোচ্যসূচিতে আছে এবং এ ইস্যুতে বৈঠকে আলোচনা হবে", বলেন আব্দুল মান্নান হাওলাদার।
সরকার কয়েক বছর আগে খানপুরে কনটেইনার টার্মিনাল নির্মাণ করেছে। কিন্তু কনটেইনার হ্যান্ডলিং অপারেটর নিয়োগ না হওয়ায় এটি চালু করা যায়নি।
নৌ-সচিব বলেন, " দিল্লি প্রস্তাব দিয়েছে যে, সরকার অপারেটর নিয়োগ না করা পর্যন্ত ভারতীয় কম্পানি কনকর কনটেইনার হ্যানডলিংয়ের দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ভারতীয় কম্পানিকে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হলে প্রথমবারের মতো দু'দেশের মধ্যে নৌরুটে কনটেইনার বাণিজ্য সম্ভব হবে।
নবায়নের মেয়াদ হবে এক বছর। কারণ, আইডব্লিউটিটি প্রটোকলের মূল চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর।
১৯৭২ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির অংশবিশেষ হচ্ছে এই প্রটোকল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএ/২১০৫ ঘ.
bdnews24