২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে'

গত দু'দশকে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দু'দশকে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে তিন দিনব্যাপী 'ইউএস ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কল্যাণে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।" এ সময় মার্কিন দূত বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতা বাড়ানো ও আইনের শাসন জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত জানান, গত পাঁচ মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি ৫০ শতাংশ বেড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ। গত বছর যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করেছে ৪৬৬ মিলিয়ন ডলারের সেবা ও পণ্য। মরিয়ার্টি বলেন, "যুক্তরাষ্ট্রে পণ্য-সেবা রপ্তানি খাতে বাংলাদেশে ১০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।" অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে উল্লেখ করে বলেন, "বিশ্বে জঙ্গীবাদী শক্তিকে মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে।" আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (এমচেম) এর সভাপতি আফতাব উল ইসলাম দু'দেশের নাগরিকদের জন্য ১০ বছরের ভিসা সুবিধা প্রবর্তনের ওপর গুরুত্ব দেন। এ প্রসঙ্গে তিনি প্রতিবেশী রাষ্ট্রের উদাহরণ টেনে বলেন, ভারত যেমন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ১০ বছরের ভিসা দেয়, তেমনি যুক্তরাষ্ট্রও ভারতীয় নাগরিকদের ১০ বছরের ভিসা দেয়। বাংলাদেশের নাগরিকদের এই ভিসা সুবিধা দেওয়া হলে দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো জোরালো হবে। ১৯৯২ সাল থেকে প্রতি বছর ঢাকায় ইউএস ট্রেড শো'র আয়োজন করা হচ্ছে। এ বছর ট্রেড শোতে মোট ১৩০টি স্টল রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ৭৫টি কোম্পানি অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে- লুব্রিক্যান্ট কোম্পানি মোবিল, পেট্রোলিয়াম কোম্পানি শেভরন, ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল ও উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এইচএ/২২০০ ঘ.