ঢাকা,ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ থানা এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক আহত হয়েছেন।
আহত যুবকের নাম রুবেল হোসেন (২০)। তিনি মহাখালী এলাকার বাসিন্দা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সবুজবাগের মাদারটেকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
র্যাব-৩ এর উপপরিচালক সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে র্যাবের একটি টহলদল মাদারটেক এলাকায় যায়। সেখানে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে র্যাব তাদের চ্যালেঞ্জ করে। এ সময়ে ওই যুবকরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি চালালে একটি গুলি রুবেলের হাটুঁতে লাগে।
পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/১৯২১ ঘ.
bdnews24