ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিক্ষাবৃত্তির জন্য কেটে ফেলা শিশু নিয়মুলের জননাঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে অস্ট্রেলীয় হাই কমিশনারের সঙ্গে আলোচনা করতে অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন এই অনুরোধ করে।
আদালত বলেছে, অস্ট্রেলীয় সরকার অতীতে জমজ সন্তান কৃষ্ণা ও তৃষ্ণাকে আলাদা করার ক্ষেত্রে অনেক মহানুভবতার পরিচয় দিয়েছে। নিয়ামুলের কেটে ফেলা অঙ্গ পুনস্থাপনেও তারা এগিয়ে আসতে পারে।
এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিনা খান গত ৩০ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের সামনে তুলে ধরেন, যাতে সাত বছরের শিশু নিয়ামুলকে উদ্ধার এবং আসামি কোরবানকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছিলো।
নিয়ামুলের দেহের ক্ষতচিহ্নের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়েছে।
ওই প্রতিবেদন পর্যালোচনা করে হাইকোর্ট গত ২ জানুয়ারি ভিক্ষাবৃত্তি বন্ধের বিধান কার্যকর করার নির্দেশ দেয়। পাশাপাশি শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না- তার কারণ জানতে চাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩০৬ ঘ.
bdnews24