চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দাবি করেছে চট্টগ্রামের 'ক্ষুদ্র বিনিয়োগকারী ফোরাম'।
এ ছাড়া বাজারের নাজুক পরিস্থিতির বিবি গভর্নর, এসইসি চেয়ারম্যান এবং ডিএসই ও সিএসই সভাপতিকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করে এই সংগঠন।
বুধবার এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্যমূল্য বৃদ্ধি ও শেয়ারবাজারের নাজুক পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অভিযোগ নাকচ করে বিএনপি।
মঙ্গলবার আ হ ম মুস্তফা কামাল বলেন, বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য 'রাজনৈতিক'।
ক্ষুদ্র বিনিয়োগকারী ফোরামের বিবৃতিতে বলা হয়, সরকারের কিছু মন্ত্রী, সাংসদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩২ লাখ বিনিয়োগকারীকে নিয়ে তামাশা করছে। প্রধানমন্ত্রীর চারপাশের কিছু লোক তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যার কারণে শেয়ারবাজার ধ্বংসের দিকে যাচ্ছে।
সংগঠনের আহ্বায়ক এম এ কাদের ও সদস্য সচিব সরোয়ার কিবরিয়া জিয়ার স্বাক্ষর সম্বলিত ওই বিবৃতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে শেয়ার বাজারকে ধংসের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
এছাড়া শেয়ারবাজার ধ্বংসের ষড়যন্ত্রে জড়িতদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় ওই বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/পিডি/২১৪১ ঘ.
bdnews24