নোয়াখালী, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীতে পৌর নির্বাচনের ভোট নেওয়ার সময় অনিয়ম ও সহিংস ঘটনার তদন্ত বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
তদন্ত দলে আছেন- সহকারী নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ আহম্মেদ।
তারা বৃহস্পতিবার সকালে নোয়াখালী পৌঁছাবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় নজরুল সাংবাদিকদের জানান, তদন্ত দলের সদস্যরা দুপুর ২টা থেকে জেলা প্রশাসকের সভাকক্ষে তারা নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলবেন।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, প্রার্থী এবং কেন্দ্রে দায়িত্বপালনকারী তাদের প্রতিনিধিদের বক্তব্য শুনবেন তদন্ত দলের সদস্যরা।
গত ১৮ জানুয়ারি পৌর নির্বাচন চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী এবং বিভিন্ন এলাকায় প্রভাবশালী কাউন্সিলর প্রার্থীদের প্রভাব বিস্তার, ব্যালট ছিনতাই, হামলা-ভাংচুরসহ নানা অভিযোগ ওঠে।
এসব অভিযোগের কারণে নির্বাচন কমিশন সেনবাগ পৌরসভার সবকয়টি (৯টি), নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি ও কবিরহাট পৌরসভার একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে।
কেন্দ্র দখল, ব্যালট বাক্স ভাংচুর, ছিনতাইসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগে নোয়াখালী পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়। পরদিন পুরো জেলায় হরতাল পালন করে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.
bdnews24