২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র-গুলি রাখার দায়ে ১৭ বছর কারাদণ্ড

বাগেরহাটে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে একজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে একজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডিত মোক্তার সরদারের (৪০) বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামে। তিনি সুন্দরবনের ডাকাতদল কাশেম বাহিনীর সদস্য বলে মামলার নথি থেকে জানা যায়। রায় ঘোষণার সময় মোক্তার আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত আবুল কাশেম নামে অপর একজনকে বেকসুর খালাস দিয়েছে। মামলার নথি থেকে জানা যায়, বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ২০০৭ সালের ২২ মে খুলনা শহরের টুটপাড়া এলাকা থেকে মোক্তারকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ২৩ মে মংলা থানা পুলিশ সুন্দরবন পূর্ব এলাকায় ধান সিদ্ধের চর থেকে একটি সেলফ লোডেড রাইফেল (এসএলআর), দুটি থ্রি নট থ্রি রাইফেল, একটি একনলা দেশি বন্দুকসহ বিভিন্ন ধরনের ৪৭টি গুলি উদ্ধার করে। এই ঘটনায় বাগেরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদি হয়ে মংলা থানায় অস্ত্র আইনে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৫৪ ঘ.