সাভার, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) দুটি সোয়েটার তৈরির কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
শ্রমিকদের আন্দোলনের মধ্যে বুধবার কারাখানা দুটি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।
বন্ধ করে দেওয়া কারখানা দুটি হলো- ডিইপিজেডের পুরনো জোনের ইতালীয় নাগরিকের মালিকানাধীন এ-ওয়ান (বিডি) লিমিটেড ও হেলিকন লিমিটেড।
পুলিশ জানায়, সোয়েটার প্রতি উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে এ-ওয়ান (বিডি) লিমিটেডের প্রায় ১৫শ' শ্রমিক মঙ্গলবার বিকালে কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে।
দাবির বিষয়টি অমীমাংসিত অবস্থায় কারখানা ছুটি হয়ে গেলে শ্রমিকরা চলে যায়।
বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে মূলফটকে বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল ৯টার দিকে শ্রমিকরা চলে যায়।
পাশের সোয়েটার কারখানা হেলিকন লিমিটেডের প্রায় ২১শ' শ্রমিক সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে। সাড়ে ৮টার দিকে হঠাৎ শ্রমিকরা একত্রিত হয়ে তাদের মজুরি কম দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে।
এক পর্যায়ে শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে কারখানা একদিনের জন্যে ছুটি ঘোষণা করে। এরপর কারখানা ত্যাগ করে শ্রমিকরা।
কিন্তু আবারো শ্রমিক অসন্তোষ হতে পারে এ আশঙ্কায় কারখানাটি বিকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ এর আশুলিয়া জোনের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিকদের জানান, এ-ওয়ান (বিডি) লিমিটেড কর্তৃপক্ষ মঙ্গলবার রাতেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বুধবার সকালে নোটিশ টানিয়ে দেয়।
অন্যদিকে হেলিকন লিমিটেড কর্তৃপক্ষ বিকাল ৫টার দিকে কারখানা অনিদির্ষ্টকালের বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়।
এ-ওয়ান এর ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর হোসেন পলাশ সাংবাদিকদের জানান, শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন সোমবার পরিশোধ করে দেওয়া হয়েছে। তখন তারা কোনো দাবি তোলেনি। পরদিন বিকালে মজুরি কম দেওয়ার অভিযোগ তোলে।
আলমগীর দাবি করেন, শ্রমিকরা এক জোট হয়ে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্তকর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে রাত ৮টার দিকে শ্রমিকদের বের করে দেয়।
তিনি বলেন, শ্রমিকরা যাওয়ার সময় আরো কঠোর আন্দোলনের হুমকি দেয়। তাই বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কারখানাটি অনিদির্ষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কবে নাগাদ কারখানাটি খোলা হবে সেটা তিনি জানাতে পারেননি।
হেলিকন লিমিটেড কারখানার শ্রমিক সুমন, হেমায়েতুল্লাহ, শামীম, সালাউদ্দিনসহ কয়েকজন দাবি করেন, তাদের মজুরি কম দেওয়া হচ্ছে। মজুরি না বাড়ানো পর্যন্ত আন্দোলন চলবে।
কারখানার কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর মহাব্যবস্থাপক আশরাফুল কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। বিশৃঙ্খলা এড়াতে কারখানার সামনে থানা পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24