২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়ে গেছে ১৫ বিঘা জমির পান বরজ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া ও দুলালমুন্দিয়া গ্রামে আগুনে পুড়ে গেছে ১৫ বিঘা জমির পান বরজ এবং পাঁচ বিঘা জমির আখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া ও দুলালমুন্দিয়া গ্রামে আগুনে পুড়ে গেছে ১৫ বিঘা জমির পান বরজ এবং পাঁচ বিঘা জমির আখ। বুধবার দুপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে বলে দমকল বিভাগ ও স্থানীয়রা জানিয়েছে। পান চাষীদের ধারণা, হেরোইন নিতে মাদকাসক্তদের ব্যবহৃত আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে দমকল কর্মকর্তারা আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেননি। দুলাল মুন্দিয়া গ্রামের আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, পাশের গ্রাম বলিদাপাড়ার জয়নাল হোসেনের আখ ক্ষেতে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করেন। আগুন দ্রুত পাশের পান বরজগুলোতে ছড়িয়ে পড়ে। ওই সময় মাঠে কর্মরত লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও কোটচাঁদপুর স্টেশন থেকে দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। ক্ষতিগ্রস্ত পান চাষিরা হলেন- আব্দুল মালেক, মহসীন আলী, আলী আকবর, রিপন আলী, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, সাহেব আলী, মোবারক আলী, সাত্তার মণ্ডল, দেলওয়ার হোসেন, রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, দাউদ হোসেন, রইস উদ্দিন, আনসার মণ্ডল, মাহতাব মণ্ডল ও শরিফুল ইসলাম। ক্ষতিগ্রস্ত আখ চাষিরা হলেন- মশিয়ার রহমান, আব্দুল আজিজ, রেজাউল ইসলাম ও মখলেসুর রহমান। কালীগঞ্জ থানার ওসি জানান, ১২-১৪ বিঘার পান বরজ এবং ৪-৫ বিঘার আখ ক্ষেত পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ লাখ টাকা। তবে দমকল কর্মকর্তা বলেছেন, তাদের প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত পান চাষীরা সাংবাদিকদের বলেন, তারা ঋণ নিয়ে পান বরজ করেছেন। আগুনে বরজ পুড়ে যাওয়ায় তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.