২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনা 'হত্যাকাণ্ডের' প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হেনা আক্তার 'হত্যার' প্রধান আসামি মাহবুব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

শরীয়তপুর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হেনা আক্তার 'হত্যার' প্রধান আসামি মাহবুব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে বুধবার রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সকাল ১১টার দিকে তাকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আনা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারেন্টেন্ডেট (এএসপি) তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেমায়েতপুর এলাকায় একটি টঙ ঘর থেকে মাহবুবকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "জিজ্ঞাসাবাদের জন্য মাহবুবকে তিনদিন নিজেদেরর হেফাজতে( রিমান্ড) নেওয়ার আবেদন করা হবে।" ফতোয়া দিয়ে দোররা মারার পর গত ৩১ জানুয়ারি চামটা গ্রামের দরবেশ খানের কিশোরী মেয়ে হেনার মৃত্যু হয়। পরদিন মাহবুবকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় হত্যা মামলা করেন দরবেশ খান। পরদিন পুলিশ এতে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। তারা এখন কারাগারে রয়েছে। তারা হলেন-স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. মফিজ, শিল্পী আক্তার, স্থানীয় মাতাব্বর লতিফ মীর মালত ও আলাবক্স করাতী। তবে মামলার অন্য আসামি ফতোয়াদানকারী মাদ্রাসা শিক্ষক শাইদুর রহমান এবং চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখসহ অন্য ১৩ আসামি এখনো পলাতক। হেনার স্বজনদের বক্তব্য অনুযায়ী, চাচাতো ভাই মাহবুবের সঙ্গে সম্পর্ক নিয়ে ফতোয়ার শিকার হয় ওই কিশোরী। স্থানীয় সালিশে মাঝিবাড়ি মসজিদের ইমাম মো. মফিজ উদ্দিন, চামটা আবুল বাশার উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শাইদুর রহমান ১০১ দোররা মারার সিদ্ধান্ত দেয়। হেনার মৃত্যুর বিষয়টি নজরে এলে উচ্চ আদালত এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য চায়। আদালতের আদেশে হেনার নতুন করে ময়নাতদন্তও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমআই/১৪০০ ঘ.