ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ছাত্ররা পাঁচঘণ্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে।
একইদিন কুমিল্লায় মাইক্রোবাস উল্টে নিহত হয়েছে দুই ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি জানান, নগরীর দৌলতপুরে বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যুর ঘটনায় খুলনা-যশোর মহাসড়কে পাঁচঘণ্টা অবরোধ করেছে সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনায় মারা যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র আবু শাহীন (২৫)।
এরপর বিক্ষুব্ধ ছাত্ররা সাতটি গাড়ি ভাংচুর করে। খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত অবরোধ করে রাখে।
বিকাল ৫টার দিকে কলেজের অধ্যক্ষ মো. শফিউল্লাহ সরদার ও পুলিশ কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
দৌলতুপর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূইয়া বলেন, আবু শাহীন দৌলতপুর মধ্যডাঙ্গার বাড়িতে ফিরছিলেন। পথে দৌলতপুর হর্টিকালচার সেন্টারের সামনে পৌঁছলে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় জনতা ও ছাত্ররা চালক আরিফুল ইসলামসহ (২৪) বাসটি আটক করে পুলিশে দিয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর কলেজে পৌঁছলে কয়েকশ' ছাত্র খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। তারা দুইিট বাস, দুইটি ট্রাক ও তিনটি বেবি ট্যাক্সি ভাংচুর করে। এক পর্যায়ে তারা পুলিশের উপরও হামলা চালায়।
শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা: একটি জানাজায় অংশ নিতে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হয়েছে কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আলভী আলম সরকার ও এইচএসসি পরীক্ষার্থী মাসুম বিল্লাহ।
সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বেলতলীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে তারা নিহত হয়। এ ঘটনায় আহত হয় সাতজন।
আহতদের সাজ্জাদ হোসেন আকিব ও মশিউর রহমানকে কুমিল্লা মেডিকেল সেন্টারে এবং অন্যদের কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার নাম জানা যায়নি।
আহত দ্বাদশ শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন আকিব বলেন, দ্বাদশ শ্রেণীর ছাত্র তৌহিদুল ইসলাম রাফিতের বাবা নিজাম উদ্দিন স্বপনের জানাজায় অংশ নিতে তারা ১১ জন একটি মাইক্রোবাসে করে ফেনী যাচ্ছিলেন।
পথে বেলতলিতে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষের পর তাদের মাইক্রোবাসটি উল্টে যায়।
কুমিল্লা মহাসড়ক পুলিশের আমতলী ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর মহাসড়ক পুলিশ, মিলিটারি পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
নিহত আলভী আলম সরকার কুমিল্লা শহরের মোগলটুলির বাসিন্দা ব্যবসায়ী যোবায়ের আলম সরকারের ছেলে। মাসুম বিল্লাহ কুয়েত প্রবাসী চৌদ্দগ্রামের কোমাড়ডোগার বাসিন্দা আবু তাহেরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24