২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিজমিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রতিবাদে সমাবেশ

বাগেরহাটের রামপালে কৃষি জমিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগের বিরোধিতা করে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমি মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের রামপালে কৃষি জমিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগের বিরোধিতা করে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমি মালিকরা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। আন্দোলনকারী জমি মালিকদের সংগঠন 'কৃষি জমি রক্ষা সংগ্রাম পরিষদ' এর ডাকে এই কর্মসূচি পালিত হয়। এ সময় অন্তত আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিলো। খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী মোড়ে কর্মসূচি পালনের কথা ছিলো। কিন্তু পুলিশের বাধায় সংগ্রাম পরিষদ প্রায় চার কিলোমিটার পূর্ব দিকে সরে গিয়ে চুলকাঠি বাজার এলাকায় সংক্ষিপ্তভাবে কর্মসূচি পালন করে। রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈর্গদাশকাঠি ও রাজনগর ইউনিয়নের সাপমারী-কাটাখালী মৌজায় পশুর নদীর তীরে এক হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করে সরকার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে ৮৬ দশমিক ১৪ একর সরকারি খাস জমি রয়েছে। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সংগ্রাম পরিষদের নেতারা বলেন, রামপাল উপজেলার কৈগর্দাশকাঠি মৌজাসহ পাশের খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারকোট ইউনিয়নের হালিয়া মৌজায় প্রায় দেড় হাজার একর খাস জমি রয়েছে। সরকার তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ওই খাস জমি ব্যবহার করতে পারে। যদি আরো জমি প্রয়োজন হয় তাহলে কৃষি জমি অধিগ্রহণ করতে পারে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুশান্ত কুমার দাস, সাধারণ সম্পাদক মঈনুল হক বাবু, জমি মালিক এস এম খায়রুজ্জামান প্রমুখ। কৃষি জমি রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি সুশান্ত কুমার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ফকিরহাট থানা পুলিশের বাধার মুখে তারা বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি কাটাখালী মোড়ে পালন করতে পারেননি। পুলিশ তাদের সেখানে দাঁড়াতেই দেয়নি। পরে দুপুর ১টার দিকে তারা চুলকাঠি বাজার এলাকায় কর্মসূচি পালন করেন। অভিযোগ অস্বীকার করে ফকিরহাট থানার ওসি মো. লিয়াকত হোসেন বলেন, মানববন্ধন কর্মসূচির খবর পেয়ে পুলিশ কাটাখালী মোড়ে গিয়েছিলো। ওসি দাবি করেন, কর্মসূচি পালনের জন্য সেখানে কেউ আসেনি। তিনি শুনেছেন চুলকাঠি বাজারে মানববন্ধন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.