ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবি সদরদপ্তরে মুরগির খামারের ব্রয়লার শেডে বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় মঙ্গলবার সকাল থেকে মুরগি নিধন শুরু হয়েছে। সেইসঙ্গে অন্য শেডের মুরগীগুলো পরীক্ষা করা হচ্ছে।
বার্ড ফ্লু আক্রান্ত শেডে প্রায় ১২ হাজার মুরগি রয়েছে।
বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক জানান, তিন-চারদিন আগে হঠাৎ করে মুরগির খামারের ব্রয়লার শেডের একটি মুরগি মারা যায়। বার্ড ফ্লু সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ট বিভাগে তা পরীক্ষার জন্য পাঠানো হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেখানে পরীক্ষায় নিশ্চিত হয় যে বার্ড ফ্লুর কারণে মুরগিটি মারা গেছে। এরপর সেই শেডের সব মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত হয়।"
বিজিবি'র একটি দায়িত্বশীল সূত্র জানায়, পিলখানা সদরদপ্তরে গরুর খামারের পাশেই রয়েছে মুরগির খামার। এই খামার দুই ভাগে বিভক্ত। একটিতে ব্রয়লার এবং অন্যটিতে রয়েছে লেয়ার মুরগি। মঙ্গলবার বিকাল পর্যন্ত লেয়ার শেডে বার্ড ফ্লু আক্রান্ত কোনো মুরগি পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এইচএ/১৭৪৩ ঘ.
bdnews24