২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে সরস্বতী পূজা

রাজধানীসহ সারা দেশে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য দেবীকে আরাধনা করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ সারা দেশে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য দেবীকে আরাধনা করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এ পূজা পালন করা হয়। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যেই এ দিনটি ভক্তি ও উৎসবের অন্যরকম আমেজ এনে দিয়েছে। শিক্ষার্থী ছাড়াও সব বয়সের নারী-পুরুষ উচ্ছ্বাসের সঙ্গে অংশ নিয়েছে সার্বজনীন এ উৎসবে। ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এ পূজার কেন্দ্র বলে বিবেচিত হয়ে আসছে। মঙ্গলবার রাত্রির প্রথম প্রহরে জগন্নাথ হলে মণ্ডপে মণ্ডপে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী সকাল ৮টায় মা সরস্বতীকে দুধ, মধু, দই, ঘি, কর্পুর, চন্দন দিয়ে গোসল করানো হয়। মায়ের গোসলের চরণামৃত আশীর্বাদের প্রতীক হিসাবে রাখা হয় ভক্তদের জন্য। সকাল ৯টায় শুরু হয় বাণী অর্চনা। মন্ত্র পড়ে ধর্মীয় এ আচারে নেতৃত্ব দেন হল উপাসনালয়ের পুরোহিত সাধন চক্রবর্তী। এরপর ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় পুষ্পাঞ্জলী। এ সময় ছোট ছোট শিশুদের 'হাতে খড়ি' দেন পুরোহিত সাধন চক্রবর্তী। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টায় আরতি এবং রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর আজিমপুরের বাসিন্দা সোমা সরকার ও ব্রজেন্দ্র নাথ সরকার দম্পতি তাদের একমাত্র সন্তান সাম্য সরকারকে নিয়ে আসেন হাতে খড়ি দেওয়ার জন্য। ব্রজেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী বছর সন্তানকে স্কুলে ভর্তি করানোর চিন্তা করছি। তাই এবারে মা সরস্বতীর শুভ দৃষ্টি পেতে পুরোহিতের মাধ্যমে সন্তানের হাতে খড়ি দিতে নিয়ে এসেছি।" এ সময় পুরোহিত সাম্যকে চক-শ্লেট হাতে ধরিয়ে 'অ, আ, ই, ঈ' বেশ কয়েকটি অক্ষর লিখান। ভীড়ের কারণে যারা কেন্দ্রীয় এ মণ্ডপের পুরোহিতের হাতে সন্তানের 'হাতে খড়ি' দিতে পারেননি, তারা সন্তানকে 'হাতে খড়ি' দেন হল মাঠে স্থাপিত বিভিন্ন বিভাগের মণ্ডপে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারে জগন্নাথ হলে মোট ৪৯টি মণ্ডপ স্থাপন করা হয়েছে। গত বছর এ সংখ্যাটি ছিল ৪৪টি।" হল ঘুরে দেখা গেছে বরাবরের মত এবারো সবচেয়ে আকর্ষনীয় প্রতিমাটি তৈরি করেছে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। 'উড়ন্ত হাসের পিঠে করে মর্তে আগমন করছেন সরস্বতী' এমন একটি রূপ ফুটিয়ে তৈরি করা এ প্রতিমাটি স্থাপন করা হয়েছে হল পুকুরের ঠিক মাঝখানটিতে। এ প্রতিমাটির উচ্চতা ৩৮ ফুট। চারুকলার শিক্ষার্থী আবির কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটিই সরস্বতীর সবচেয়ে বড় প্রতিমা। জগন্নাথ হলের পাশাপাশি শামসুন্নাহার হল, রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হলে আদালাভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজসহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলছে এ পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ৬টায়। বাণী অর্চনা শুরু হয় বেলা ৯টায়। এদিকে বাংলাদেশ সুপ্রিীম কোর্ট বাণী অর্চনা পরিষদের উদ্যোগে সকাল ১০টায় আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয় সরস্বতীর পূজার কার্যক্রম। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দুপুর ১২টার দিকে দিকে মিলনায়তনে আসেন। এ সময় তিনি বলেন, "দেবী সরস্বতী সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানের প্রতীক। শিক্ষা বা জ্ঞানের কোন সীমা নেই। এটা সার্বজনীন।" আইন পেশায় জ্ঞান অর্জন ব্যতীত কোন পথ নেই উল্লেখ করে প্রধান বিচারপতি দেবীকে অনুসরণ করে জ্ঞান অর্জনে ব্রতী হতে সবার প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫০০ ঘ.