যশোর, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা উপজেলায় সোমবার দুপুরে এক তরুণ দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।
আহত মো. রায়হান (২৫) উপজেলার কৃষ্ণনগর গ্রামের কামরুল ইসলামের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দুপুর আড়াইটার দিকে উপজেলার বিএম হাইস্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে রায়হান ও রাজু নামের এক তরুণ গল্প করছিল। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এ সময় রাজু পিস্তল বের করে রায়হানের মাথায় গুলি করে পালিয়ে যায়।
রায়হানের ডান কানের পাশ দিয়ে মাথায় গুলি ঢুকেছে।
রায়হানের মা মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, রাজু একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে রাজু তার ছেলের মোবাইল ফোন সেট কেড়ে নিয়ে বিক্রি করে দেয়। দুপুরে সে রায়হানের মোটরসাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। রায়হান বাধা দিলে তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় রাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৬ ঘ.
bdnews24