২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিদ্যুৎ সংযোগ: মার্চ থেকে আবেদন গ্রহণ

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আগামী মাসের শুরুতেই আবেদন গ্রহণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আগামী মাসের শুরুতেই আবেদন গ্রহণ করা হবে। এছাড়া যাদের আগে আবেদন করা আছে, কিন্তু ডিমান্ড নোট পাননি তাদের ডিমান্ড নোট দেওয়া হবে। সোমবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিদ্যুত প্রতিমন্ত্রী মো. এনামুল হক সাংবাদিকদের এ কথা জানান। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার সবাইকে বিদ্যুৎ দিতে চায়। নতুন সংযোগ প্রদান বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ওপর নির্ভরশীল হওয়ায় এব্যাপারে সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, "নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মার্চের শুরু থেকে আবেদন গ্রহণ করা হবে।" নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে সারাদেশে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা পড়েছে ৩ লাখ ৮৮ হাজার ৭৪৯টি। এর মধ্যে ডিমান্ড নোট ইস্যু করা আবেদনের সংখ্যা ৭১ হাজার ৯৩৯টি। আর ডিমান্ড নোট ইস্যু হয়নি এমন আবেদনের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৩৩৬টি। বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় সরকার গত বছরের এপ্রিলে নতুন সংযোগ দেওয়া বন্ধ করে দেয়। প্রায় সাত মাস বন্ধ থাকার পর একই বছরের ৮ নভেম্বর সরকার শর্তসাপেক্ষে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুমতি দেয়। নতুন সংযোগের ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তবে গবেষণাগারসহ বিশেষ ক্ষেত্রে এসি ব্যবহার করা যাবে। এক্ষেত্রে সংস্থা প্রধানের পূর্বানুমতির প্রয়োজন হবে। এছাড়াও নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্বের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা সময় বাড়িয়ে তা অক্টোবর পর্যন্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১১৫ ঘ.