ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুদদারীর মাধ্যমে বিরোধী দলের সদস্যরাই খাদ্যশস্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়ার বাজারের নাজুক পরিস্থিতির জন্যও বিরোধী দলকে দায়ী করেছেন তিনি।
বিরোধী দলের হরতালকে অযৌক্তিক উল্লেখ করে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন বলে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
বৈঠকের পর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বলেছেন- বিরোধী দলের এ হরতালের কোনো যৌক্তিকতা নেই। কারণ দেশে খাদ্যশস্যের মজুদ করে বিরোধী দলের সদস্যরাই নিত্যপণ্যের মূল্য বাড়াচ্ছে। তারা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কথা বললেও হরতাল দিয়ে দরিদ্র মানুষের কষ্ট বাড়াচ্ছে।
শেয়ার বাজার ধ্বংস করার পেছনেও বিএনপির হাত রয়েছে বলে বৈঠকে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার প্রেস সচিব বলেন, সরকার বিশ্বকাপ ক্রিকেট আয়োজন সফল করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে। কিন্তু বিরোধী দল হরতাল দিয়ে সরকারের কার্যক্রম ও দেশের ভাবমূর্তির ক্ষতি করছে।
অবশ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানিয়েছেন, হরতাল বিষয়ে বৈঠকে তেমন কোনো আলোচনা হয়নি।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধী দলের হরতাল নিয়ে মন্ত্রিসভায় হাস্যরস হয়েছে।
একজন মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রীকে বলেছেন- আজ তো আপনার পরিবেশের জন্য কোনো হুমকি নেই। বিরোধী দলের হরতালের কারণে আজ গাড়িও নেই, কালো ধোঁয়াও নেই। তাই পরিবেশ ভালোই রয়েছে।"
বৈঠকে বৃক্ষ সংরক্ষণ আইন ২০১১-এর খসড়ার চূড়ান্ত এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১০-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেস সচিব আজাদ জানান।
এছাড়া কুয়েত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত কুয়েত-বাংলাদেশ বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। আলোচনা হয়েছে ডিজিটাল স্বাক্ষর এবং ডিজিটাল সনদ নিয়েও।
আজাদ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে কুয়েত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24