ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে পুরান ঢাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বংশাল থানার সুড়িটোলা মডেল হাইস্কুলের সামনের ওভারব্রিজের নিচে সোমবার দুপুর ২টায় বাসটিতে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সদরঘাটগামী তানজিল পরিবহনের ওই বাসের আগুন নেভাতে ১৫ মিনিট পর দমকলকর্মীরা আসে।
তবে তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায় বলে বংশাল থানার ওসি জমিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "আগুনে কেউ হতাহত হয়নি।"
পুলিশের ধারণা, হরতাল সমর্থকরাই বাসটিতে আগুন দিয়েছে।
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
হরতালের একদিন আগে ঢাকায় অন্তত নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএডি/এমআই/১৪৫০ ঘ.
bdnews24