ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন এলাকায় রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। আহত হয়েছে তিনজন।
ভোরে পল্টন মোড়ে মালবোঝাই ট্রাক একটি চলন্ত অটো রিকসার পিছনে ধাক্কা দিলে মো. শাহিন (২৫) নামে একজন মারা যান।
এ সময় জসিম (২৪), রাসেল (২৫) ও আইয়ুব আলী (২২) আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার রায়।
তিনি জানান, শাহিন পেশায় একজন ঠিকাদার। হতাহতরা শরিয়তপুরের ডামুড্ডা থেকে সদরঘাট এসে অটোরিক্সায় করে বসুন্ধরা যাচ্ছিল।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে গুলিস্তান গোলাপশাহ মাজারের কাছে আজমিরি পরিবহনের যাত্রিবাহী একটি বাসের ধাক্কায় আবদুল লতিফ (৫০) নামে এক ব্যাক্তি আহত হন।
গুরুতর আহতবস্থায় লতিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাগিনা আবদুল সবুর সাংবাদিকদের জানান, বাংলাবাজারে সোহাগ বুক ডিপো নামে লতিফের একটি বইয়ের দোকান রয়েছে। তিনি একজন প্রকাশক ছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/পিডি/২১২১ ঘ.
bdnews24