ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে ছিনাতাইকারীদের ছুরিকাঘাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার ভোর ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপুল রায় (৩৫) পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুরের বাগাতিয়ায়।
আহতরা হলেন- আগানগর এলাকার কানাই রায় (৩০) ও গোপাল চন্দ্র (২৮)।
আহত গোপাল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে তারা তিনজন রিক্সায় করে আগানগর থেকে গোপালগঞ্জ যাওয়ার জন্য কদমতলী বাস স্টেশনে যাচ্ছিলেন। কদমতলী এলাকায় পৌঁছুলে পাঁচ/ছয়জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাতারি ছুরিকাঘাত করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ১০টার দিকে বিপুল মারা যান।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, "আমি বিষয়টি এখনও শুনিনি। তবে খোঁজ নিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24