সিলেট, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে গেছে।
রোববার সকালে রায়নগর এলাকার কহিনূর মিয়ার বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে।
সিলেট দমকল বাহিনীর সহকারী পরিচালক পরিমল কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে বস্তিতে আগুন লাগে। ম্হূুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। এতে প্রায় ১০-১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।"
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
পরিমল কুন্ডু জানান, মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা হবে।
তবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু বলেন, "ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করছে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০১ ঘ.
bdnews24