ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ মার্চ দিন ঠিক করেছে আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া এ তারিখ ঠিক করেন।
এ মামলার অন্য চার আসামি হলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা জেলার আমির রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি আসম ইয়াহিয়া।
রোববার ইয়াহিয়া আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। যুদ্ধাপরাধের মামলায় কারাগারে আটক নিজামী, মুজাহিদ, সাঈদী ও রফিকুলকে আদালতে হাজির করা হয়।
এ মামলায় আসামিরা সবাই জামিনে রয়েছেন বলে জানিয়েছেন এ আদালতের পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হেলাল।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক আদালতে বলেন, "এ মামলায় এর আগের পাঁচটি ধার্য তারিখে মামলার বাদি আদালতে হাজির হননি। তার পক্ষ থেকে সময় আবেদনও করা হয়নি। সুতরাং মামলাটি খারিজ করে দেওয়া হোক।"
তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেয়নি।
গত বছরের ২১ মার্চ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ওই বছরের ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের অনুষ্ঠানে রফিকুল ইসলামের দেওয়া একটি বক্তব্য মামলাটি করা হয়।
নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল তরিকত ফেডারেশনের রেজাউল হক চাঁদপুরী বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত রফিকুলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি নিজামীকে মহানবী (স.) এর সঙ্গে তুলনা করে ধৃষ্টতা দেখিয়েছেন। মহানবীর অনুসারী ইসলাম ধর্মাবলম্বীরা এতে আঘাত পেয়েছেন।
তরিকত নেতা মামলার এজাহারে বলেন, "জামায়াত নেতারা মুক্তিযুদ্ধে বহু নিরীহ মানুষ হত্যা করেছে। এখন রাজনীতি করার সুযোগ পেয়ে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা ইসলামের অপব্যাখ্যাকারী।"
আসামিদের মধ্যে তিনজন ওই অনুষ্ঠানে থাকলেও নিজামী ও মুজাহিদ ছিলেন না।
এ মামলায় ওই বছরের ২৯ জুন নিজামী, মুজাহিদ, সাঈদীকে এবং ২৫ অগাস্ট রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24