ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে সরকারি ঘোষণার আহবান জানিয়েছে সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটি।
শনিবার বিকালে রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে 'প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহবান জানানো হয়।
কমিটির নেতারা বলেন, সুন্দরবনকে বিজয়ী করতে প্রায় ৩০কোটি ভোট প্রয়োজন। সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নিলেই এ ভোট সংগ্রহ করা সম্ভব।
তারা অভিযোগ করেন, সুন্দরবনকে বিজয়ী করতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলেও সরকারি আনুকূল্যের অভাবে দেশে-বিদেশে এ প্রচারণা জোরদার হয়নি।
'নিউ সেভেন ওয়ান্ডার্স'-এ টেলিফোনের মাধ্যমে ভোট দিতে নম্বরটি টোল ফ্রি করা, প্রধানমন্ত্রীকে প্রধান পৃষ্ঠপোষক করে জাতীয় কমিটি গঠন, ভোট সংগ্রহে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সম্পৃক্ত করাসহ ১০ দফা প্রস্তাব উপস্থাপন করা হয় এই গোলটেবিল বৈঠকে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক শাহনাজ আজগর।
সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মুহাম্মদ আতাউল্লাহ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সুন্দরবন সমর্থক কমিটি, বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন, সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন ফাউন্ডেশন, সাড়া দাও বাংলাদেশ, পল্লাী উন্নয়ন সহযোগীতা সংস্থা, গোল্ডেন বাংলাদেশ, পর্যটন বিকাশ কেন্দ্র, গ্লোবাল বিজ, নেচার ক্যাম্পেইন অব বাংলাদেশ, গ্রিন ওয়ার্ল্ড, জাগো বাংলাদেশ, শান্ত মরিয়ম ফাউন্ডেশনসহ সুন্দরবনের প্রচারণায় সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/২২১০ ঘ.
bdnews24