২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত দেড়শ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত দেড়শ লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত দেড়শ লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয়পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার জাউয়া বাজার এলাকায় কোনাপাড়ার রহমত আলী ও পূর্ব পাড়ার আবুল মিয়ার মধ্যে কথা কাটাকাটির জের ধরে শনিবার বিকাল পৌনে ৫টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ থানা এবং জাউয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সংঘর্ষ থামাতে পারেনি। প্রায় দেড় ঘণ্টা পর সুনামগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট গৌতম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে।" গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এলাকাবাসী জানায়, রহমত আলী ও আবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই সন্ধ্যায় তাদের মধ্যে কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ সুপার জানান, সন্ধ্যা ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২০৪৬ ঘ.