২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে গ্রাম পুলিশের পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক গ্রাম পুলিশের পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

বরিশাল, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক গ্রাম পুলিশের পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। উপজেলার এক নম্বর সাতুরিয়া ইউনিয়নের হালদার বাড়িতে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত গ্রাম পুলিশ মনতোষ হালদারকে (৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের দাবি, ডাকাতরা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ বলছে, প্রতিপক্ষ দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আহতের ছোট ভাই হরতোষ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার জানান, মনতোষের খোঁজে শুক্রবার গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির সব ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মনতোষকে খুঁজতে থাকে। হরতোষ হালদার বলেন, "এক পর্যায়ে তারা ভাইয়ের ঘরে ঢুকে তার ডান পা কেটে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতের হামলায় আহত হই আমি, অপর দুই ভাই পরিতোষ ও আশুতোষসহ পাঁচজন।" মনতোষের বড় ভাই পরিতোষ হালদার জানান, গ্রাম পুলিশ হওয়ায় আসামি ধরতে মনতোষ প্রায়ই পুলিশকে সহায়তা করে। তাই আসামিদের কোনো একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারে। রাজাপুর থানার ওসি এসএ খালেক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৩৮ ঘ.