ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি রোগ নিরূপণ কেন্দ্রে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ভল্ট ভেঙে ১০ লাখের বেশি টাকা লুট করেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। একই রাতে ঢাকার সাভারে ডাকাতি হয়েছে এক ব্যবসায়ীর বাড়িতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম ব্যুরো জানায়, রাত ১০ টার দিকে পাঁচলাইশ থানা এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারে হানা দেয় ডাকাত দল।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তাকর্মীদের পালাবদলের সময় ডাকাতরা ঢুকে পড়ে। তারা দুজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্কিং জোনে ডায়াগনস্টিক সেন্টারের ভল্ট ভেঙে ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
ওই সময় গাড়ি পার্কিং করতে আসা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আনোয়ারুল করিম ডাকাতদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারি পুলিশ কমিশনার মো. আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে ডাকাতরা পূর্ব প্রস্তুতি নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, "ডাকাতদের ধরতে অভিযান চলছে। তবে দু'এক দিন সময় লাগতে পারে।"
এ ঘটনায় শেভরনের ব্যবস্থাপক পুলক পারিয়াল বাদি হয়ে পাঁচলাইশ থানায় ডাকাতির মামলা করেছেন।
সাভার প্রতিনিধি জানান, আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা সেনেটারি পণ্যের ব্যবসায়ী কামরুজ্জামান নবীনের বাড়িতে রাতে ডাকাতি হয়।
কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদসহ ২৬ লাখ টাকার মালামাল লুট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/১৪৫৫ ঘ.
bdnews24