চাঁদপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদকারী বাবাকে হত্যার অভিযোগে চাঁদপুরে এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর থেকে আব্দুল হান্নান (২০) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
গত ৩০ নভেম্বর উপজেলার বাহাদুরপুর গ্রামের মনির হোসেন সরকার (৪০) খুন হন। ওই ঘটনায় পরদিন মনিরের স্ত্রী ফাতেমা বেগম মতলব উত্তর থানায় হান্নানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মতলব উত্তর থানার সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ শাহজাহান মামলার বরাত দিয়ে বলেন, বাহাদুরপুর গ্রামের মনির হোসেন সরকারের মেয়েকে (১৮) একই গ্রামের আলী আহাম্মদ প্রধানের ছেলে হান্নান প্রধান (২০) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
গত বছরের ২৫ নভেম্বর মনির হোসেন মেয়ের বিয়ে দিয়ে দেন।
কিন্তু বিয়ের পরও হান্নান বিভিন্নভাবে মেয়েটিকে উত্ত্যক্ত করা অব্যাহত রাখে। মনির হোসেন বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান।
এতে ক্ষিপ্ত হয়ে ৩০ নভেম্বর রাতে শিকিরচর থেকে বাড়ি যাওয়ার পথে হান্নান প্রধান কুপিয়ে মনির হোসেনকে হত্যা করে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি ঘটিয়ে হান্নান প্রধান পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান হত্যা করার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.
bdnews24