শরীয়তপুর, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হেনা আক্তার হত্যার প্রধান আসামি পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফতোয়া দিয়ে দোররা মারার পর গত সোমবার চামটা গ্রামের দরবেশ খানের কিশোরী মেয়ে হেনার মৃত্যু হয়। পরদিন পুলিশ এতে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। তারা এখন কারাগারে রয়েছে।
তবে মামলার প্রধান আসামি মাহবুব হোসেন, ফতোয়াদানকারী মাদ্রাসা শিক্ষক শাইদুর রহমান এবং চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখসহ অন্য ১৪ আসামি এখনো পলাতক।
নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, "আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি দল ব্যাপক তৎপরতা চালাচ্ছে।"
হেনার স্বজনদের বক্তব্য অনুযায়ী, চাচাতো ভাই মাহবুব হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ফতোয়ার শিকার হয় ওই কিশোরী। স্থানীয় সালিশে মাঝিবাড়ি মসজিদের ইমাম মো. মফিজ উদ্দিন, চামটা আবুল বাশার উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শাইদুর রহমান ১০১ দোররা মারার সিদ্ধান্ত দেয়। এর মধ্যে মফিজকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ জানুয়ারি দোররা মারার পর হেনা অসুস্থ হয়ে পড়ে। সোমবার রাতে তার মৃত্যু হয়। পরদিন মাহবুবকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় হত্যা মামলা করেন দরবেশ খান।
হেনার মৃত্যুর বিষয়টি নজরে এলে উচ্চ আদালত এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য চেয়েছে। ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্টের আগেকার একটি রায় ছিলো। সে অনুসারে হেনার মৃত্যু প্রতিরোধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছিলো, তা জানাতে বলেছে আদালত।
হাইকোর্টের আদেশের জবাব ঠিক করতে বৃহস্পতিবার বিকালে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় প্রশাসন বৈঠক করে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সভায় তার ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যানদের আরো সচেতন হতে এবং এলাকার লোকজনকে সচেতন করতে পরামর্শ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24