বাগেরহাট, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরে গ্রামীণফোনের পরিবেশক বিভা এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় তিনটি মামলা হয়েছে। ওই দোকানে ডাকাতির সময় গণপিটুনিতে চারজন নিহত হয়।
বাগেরহাট সদর মডেল থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির ঘটনায় একটি, গণপিটুনিতে হত্যার ঘটনায় একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।
বিভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আশিকুর রহমান বাদি হয়ে ২৫ লাখ টাকা ডাকাতির চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতনামা আট/নয় জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এছাড়া অস্ত্র আইনে মামলাটি করেন বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক আবু সিদ্দীক। এতেও অজ্ঞাতনামা আট/নয় জনকে আসামি করা হয়েছে।
গণপিটুনিতে হত্যার ঘটনায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামার বিরুদ্ধে আরেকটি মামলা করেন এসআই সিদ্দীক।
বৃহস্পতিবার রাতে ডাকাতদের পিটুনিতে ওই প্রতিষ্ঠানের অন্যতম মালিক মনিরুজ্জামান মনি (৫২) আহত হন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণপিটুনিতে আহত অপর এক ডাকাত আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
ডাকাতির পর ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শালতলা এলাকায় সমবায় ভবনের দ্বিতীয় তলায় বিভা এন্টারপ্রাইজে ডাকাতরা হানা দেয়। তারা প্রায় ২৫ লাখ টাকা লুট করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা গণপিটুনির শিকার হয়। রাত ১১টার দিকে পুলিশ ওই ভবনের দোতালার সিঁড়ি এবং বিভা এন্টারপ্রাইজের অফিসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা চার ডাকাতকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার রামনগর এলাকার মো. রিয়াজ উদ্দিন (২৫), সোনাডাঙ্গার খান আফসার উদ্দিন (৫০), পাবনার মো. ইমরান (২২) ও পিরোজপুরের কদমতলা গ্রামের আহম্মদ আলী (৪০)।
গণপিটুনিতে আহত অপর ডাকাত হাফিজুর রহমান (২৫) খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা শাহীন জানান, ডাকাতি হওয়া অর্থ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24