মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিল রক্ষা কমিটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে ২১ জন গ্রেপ্তার হলো।
বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আড়িয়ল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক জলিল মাস্টারকে (৫০)।
আগেরদিন পর্যন্ত গ্রেপ্তার করা হয় ২০ জনকে।
গত সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগরে বিমানবন্দর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মতিউর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের এক নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আসামি করে আরেকটি মামলা করেন।
এসব মামলায় প্রায় ২১ হাজার লোককে আসামি করা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় করায় বিএনপি আগামী সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, রাত ৯টায় জলিল মাস্টারকে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি পুলিশ হত্যাসহ ৩টি মামলারই এজাহারভুক্ত আসামি বলে ওসি জানান।
মুন্সীগঞ্জের শ্রীনগর, ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা মিলিয়ে আড়িয়ল বিলের ২৫ হাজার একর জমির ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও আবাসন নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায়ও শুরু হয়।
এলাকাবাসী এই উদ্যোগের প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিলো। তাদের দাবি, এই বিলে বিমানবন্দর হলে কয়েক লাখ লোক বেকার হয়ে যাবে।
বৃহস্পতিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর মুন্সীগঞ্জে নয়, পদ্মা নদীর অন্য পারে হবে। তবে কোথায় হবে সেটা তিনি বলেননি।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর থানায় সুধী সমাবেশে ঢাকা পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া বলেছেন, কাউকে অযথা হয়রানি করা হবে না
বিমানবন্দর নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে অনভিপ্রেত আখ্যায়িত করে তিনি বলন, সম্পত্তি রক্ষা করার জন্য জনতা আন্দোলন করতেই পারে। কিন্তু সেজন্য পুলিশ খুনসহ মহাসড়ক বন্ধ করে জ্বালাও পোড়াও ও অস্ত্র লুটের প্রয়োজন ছিলো না।
পুলিশ কর্মকর্তা বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। যারা পুলিশ খুন, অস্ত্র লুট ও ফাঁড়িতে আগুন দিয়েছে তাদেরকে অবশ্যই সাজা পেতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পুলিশ সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা, দুই ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও রানু আক্তার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24