২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ মার্চ থেকে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ: মন্ত্রী

আগামী ২০ মার্চ থেকে নদী তীরের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা পিলার স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ মার্চ থেকে নদী তীরের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা পিলার স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, "গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে প্রথম এ কাজ শুরু হবে। পরে ঢাকাসহ পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জেও এ কার্যক্রম শুরু হবে। নদীর নাব্যতা ও পানি দূষণ রোধ এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে বৃহস্পতিবার টাস্কফোর্স প্রধান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, নদী তীর থেকে উচ্ছেদ হওয়া দখলদাররা আবারো দখল করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এতে তাদের কারাদণ্ড ও অর্থ দণ্ডসহ কঠোর শাস্তি দেওয়া হবে। বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীর তীরে গড়ে ওঠা অবৈধ বহুতল ভবনগুলোকে চিহ্নিত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এগুলোও ভেঙ্গে ফেলা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকাসহ চার জেলার নদীর তীরে সীমানা পিলার স্থাপন কার্যক্রমের জন্য ইতোমধ্যে ২৫ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান শাজাহান খান। তিনি বলেন, এরমধ্যে গাজীপুরের জন্য বরাদ্দ করা এক কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার কাজের কার্যাদেশও দেওয়া হয়েছে। ২০ মার্চের মধ্যেই ঠিকাদাররা পিলার সরবরাহ করবে। নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের পিলার নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, "কয়েকদিনের মধ্যেই এ কাজেরও কার্যাদেশ দেওয়া হবে। এছাড়া ঢাকার পিলার নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। কয়েকদিনের মধেই দরপত্র আহ্বান করা সম্ভব হবে।" মন্ত্রী জানান, নদীর মাঝে বাঁশ অথবা অন্য কিছু দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ ধরা বা চাষের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ ও স্থাপনা সরিয়ে সংশ্লিষ্টদের একমাসের সময় দেওয়া হয়েছে। নিজেরা সরিয়ে না নিলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সভায় মংলার খাসিয়াখালি চ্যানেল খননে বরাদ্দ বৃদ্ধি এবং কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা, খনন এবং সীমানা চিহ্নিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য আগামী সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। নদী ও পরিবেশ রক্ষা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে আগামী মার্চের মাঝামাঝি সময় থেকে প্রচারণা কার্যক্রম শুরু করা হবে বলে জানান মন্ত্রী। শ্যামপুর থেকে এ কার্যক্রমের সূচনা করা হবে। এজন্য ১৬টি স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত উপ-কমিটির প্রধান ঢাকার শ্যামপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য সানজিদা খানম। বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে বর্জ্য অপসারণের কাজ চলছে বলে জানিয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া জানান, এ কাজের দ্বিতীয় পর্যায়ের কাজ বর্তমানে চলছে। ডিসিসি'র মাধ্যমে এসব বর্জ্য অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। বুড়িগঙ্গার পানি দূষণ রোধে কামরাঙ্গীরচর ও আমিনবাজার এলাকার দখলদারদের উচ্ছেদ এবং নদী খননের মাধ্যমে তুরাগের সঙ্গে সংযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। মালেক জানান, এতে নদীতে সার্বক্ষণিক প্রবাহ সৃষ্টি হবে। যা এ নদীর পানির গন্ধ দূর করে পরিবেশ উন্নয়নে কাজ করবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৪০ ঘ.