লালমনিরহাট, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় জ্বরে মারা গেছে আরো দুজন। এ নিয়ে গত দুই দিনে সেখানে মৃতের সংখ্যা ১৩ এ দাঁড়ালো।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাফর আলী নামে এক জন ও রাত দেড়টার দিকে হাতীবান্ধা বাসস্ট্যান্ড এলাকার অশোক ঘোষের মেয়ে অনন্যা ঘোষ (৪) রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ভাইরাসজনিত এ জ্বরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ জনের মৃত্যু হলো বলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।
এ জ্বর তদন্তে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর একটি দল বুধবারই হাতীবান্ধায় রওনা হয়।
আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুবোধ কুমার কুণ্ডের নেতৃত্বে ১০ সদস্যের বিশেষজ্ঞ দল বুধবার রাত ১০টার দিকে হাতীবান্ধায় পৌঁছেছে। তারা দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করবেন।
একটি দল বৃহস্পতিবার সকালে রংপুর হাসপাতাল এবং অন্য দলটি হাতীবান্ধার আক্রান্ত এলাকাগুলোতে যাবেন।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার হাতীবন্ধার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
এ রোগের জন্য নিপাহ ভাইরাস দায়ী কি না- তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা। ২০০১ সালে দেশের উত্তর জনপদের সীমান্ত এলাকায় প্রথমবারের মতো নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৫২ জনের মধ্যে ১১৩ জনেরই মৃত্যু হয়েছে।
প্রতি বছরই কিছু লোক নিপাহ ভাইরাসে আক্রান্ত হলেও চিকিৎসকরা খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া ছাড়া এ রোগ প্রতিরোধে কার্যকর কিছু করতে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। শীতের সময় খেজুর গাছে বাঁধা রসের হাড়িতে বাদুড় মুখ দেয় বলে বাংলাদেশে এভাবেই রোগটি মানুষে ছড়ায় বলে চিকিৎসকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24