ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ি কয়লা খনি প্রকল্পের কার্যক্রম শুরু বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জিসিএম রিসোর্সেস।
বুধবার প্রকাশিত গ্লোবাল কোল ম্যানেজমেন্টের (জিসিএম) অর্ধবার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
জিসিএম'র প্রধান নির্বাহী স্টিভ বাইওয়াটার বলেছেন, বাংলাদেশ সরকারের অনুমতির অপেক্ষায় থাকা প্রকল্পটির জন্য জিসিএম রিসোর্সেস পুরোপুরি প্রস্তুত।
১৯৯৪ সালে বিএইচপি বিলিটন'র সঙ্গে ফুলবাড়ি কয়লা প্রকল্প নিয়ে চুক্তি করে বিএনপি নেতৃত্বাধীন সরকার। পরে ওই চুক্তি কিনে নেয় এশিয়া এনার্জি যার সঙ্গে ১৯৯৮ সালে ইজারা চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এশিয়া এনার্জির পরিবর্তিত নাম গ্লোবাল কোল ম্যানেজম্যান্ট।
২০০৬ সালে ফুলবাড়িতে এ প্রকল্পের বিরেুদ্ধে বিক্ষোভে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত ও শতাধিক আহত হয়। জাতীয় তেল গ্যাস খনিজ বন্দর রক্ষা কমিটির ডাকে ওই বিক্ষোভে নামে স্থানীয়রা।
যুক্তরাষ্ট্রের তদবির
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে একমত বলে গত বছরের ডিসেম্বর মাসে ফাঁস করা এক তারবার্তায় জানায় উইকিলিক্স।
উইকিলিকসের ফাঁস করা নথির ভিত্তিতে যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "২০০৬ সালে কার্যক্রম গোটাতে বাধ্য হলেও জিসিএম বাংলাদেশে তার উপস্থিতি প্রবলভাবে ধরে রেখেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি কয়লা খনির কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতে তদবির চালিয়ে যাচ্ছে।
ফুলবাড়ি কয়লা খনিতে সম্পৃক্ত এশিয়া এনার্জির ৬০ ভাগ বিনিয়োগ মার্কিন বলে ওই বার্তায় জানান মরিয়ার্টি।
জিসিএম সেসময় গার্ডিয়ানের কাছে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলো।
খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছে
অর্ধবার্ষিক প্রতিবেদনে স্টিভ বাইওয়াটার বলেছেন, "এ প্রকল্পের খুঁটিনাটি এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করছে বাংলাদেশ সরকার ও জিসিএম। এর মধ্যে সামাজিক ও পরিবেশগত ঘটনাগুলো কার্যকরভাবে সামাল দেওয়ার বিষয়ও আছে।"
জিসিএম'র ওয়েবসাইটে বলা হয়েছে, ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি অনুমোদন দিয়েছে।
ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে গত ২৯ নভেম্বর সুপারিশ করে ওই সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়লা উত্তোলন বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেবে সরকার।"
"৮০ শতাংশ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে তোলা যাবে, সুড়ঙ্গ পদ্ধতিতে তোলা যাবে ২০ শতাংশ।"
এখনো কোনো কয়লা নীতি না থাকার বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সুবিদ আলী বলেন, "কয়লানীতি করতে পারলে সরকার ধাপে-ধাপে এগোতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআর/পিডি/২২৫৭ ঘ.
bdnews24