ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তিনটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
রায়ের অভিমতে আদালত বলেছে, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে।
২০০৯ সালের ২৫ আগস্ট হাইকোর্ট মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন সালিস কেন্দ্র, মহিলা পরিষদ, ব্র্যাক ও নিজেরা করির দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলনিশি জারি করে।
আদালত ওই সময় সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষকে ফতোয়ার নামে বিচার বহির্ভূত শাস্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে এই রুল জারি করেছিল।
এরপরও ফতোয়ার নামে শাস্তির ঘটনা ঘটায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন দোলন একটি এবং ব্যারিস্টার মাহবুব শফিকসহ তিন আইনজীবী ফতোয়ার নামে বিচার বহির্ভূত শাস্তির বিরুদ্ধে আরেকটি রিট আবেদন দায়ের করেন।
তিনটি রিট আবেদনের ওপর একসঙ্গে শুনানি গ্রহণ করে আদালত রায় প্রদান করে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
তিনি শুনানিতে বলেন, ফতোয়ার নামে স্থানীয় ধর্মীয় নেতা ও ক্ষমতাবান ব্যক্তি মহিলাদের উপর অত্যাচার, নির্যাতন ও শাস্তি প্রদান করে।
ব্যারিস্টার সারা বলেন, এসব শাস্তির পরিপ্রেক্ষিতে অনেক হত্যা, আত্মহত্যা ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ফতোয়ার নামে সালিসে বেত ও চাবুক মারা ও পেটানো জীবন ও আইনের দৃষ্টিতে সমতার সাংবিধানিক অধিকারের লংঘন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩৫১ঘ.
bdnews24