চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১১ জনকে পুড়িয়ে মারার মামলার প্রধান আসামি বিএনপি নেতা ও স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমান আমিন আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন।
কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে এ জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত আগামী ১৩ ফেব্র"য়ারি এর ওপর শুনানির দিন ধার্য করেছে।"
আসামি পক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিন চেয়ারম্যান মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে তিনি জামিনে ছিলেন।
তিনি জানান, আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর আমিন পুনরায় উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার নির্দেশ দেয়।
সে অনুযায়ী আমিন চেয়ারম্যান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন জানিয়ে আইনজীবী হেনা বলেন, এ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
গত ১০ জানুয়ারি বাঁশখালী বিচার বিভাগীয় হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলার বতর্মান তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) হ্লা চিং প্র" এ মামলার অভিযোগপত্র দেন। তিনি এ মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা।
ওই অভিযোগপত্রে আমিন চেয়ারম্যানসহ আরো আটজনকে নতুন করে অভিযুক্ত করা হয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর গভীর রাতে বাঁশখালীর সাধপুরের তেজেন্দ্র শীলের বাড়িতে আগুন ধরিয়ে চার দিনের নবজাতকসহ ওই পরিবারের ১১ জন সদস্যকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়।
পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল ওই ঘটনায় হত্যা মামলা করেন।
এ ঘটনার সঙ্গে চেয়ারম্যান আমিন জড়িত থাকার অভিযোগ ওঠে। কিন্তু তৎকালীন সরকারের সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার কিংবা মামলায় যুক্ত করেনি বলে অভিযোগ রয়েছে।
মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের তৎকালীন এএসপি ক্লারেন্স গোমেজ ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আমিনকে বাদ দিয়ে ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন, যার ওপর নারাজি আবেদন দিয়েছিলেন বিমল।
এরপর বাদি বিমল অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত ২০০৭ সালের ২০ মার্চ মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
এরপর বেশ কয়েকবার আমিনকে বাদ দিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিবারই বিমল তার বিরোধিতা করে আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৩৪০ ঘ.
bdnews24