ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে খোলা বাজারে বিক্রির দুই টনের বেশি চাল আটক করেছে প্রশাসন।
কর্মকর্তারা বলেন, কালোবাজারে বিক্রির সময় এ সব চাল আটক করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উচালিয়া পাড়া থেকে চালগুলো আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, উপজেলা সদরের উচালিয়া পাড়ার ডিলার মো. জহিরুল ইসলাম রিপন গোপনে খোলা বাজারে বিক্রির এসব চাল স্থানীয় ব্যবসায়ী সেলিম মিয়ার কাছে বিক্রি দেন।
দীর্ঘদিন ধরেই তিনি এভাবে চাল বিক্রি করে আসছেন। সেলিম মিয়া ওই চাল কৌশলে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
ইউএনও জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে দুই টনেরও বেশি, ২৭ বস্তা চাল আটক করা হয়।
তিনি জানান, পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে। পরে চাল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ডিলার জহিরুল ইসলাম রিপন সাংবাদিকদের কাছে দাবি করেন, উদ্ধারকৃত ওই চাল তার নয়।
সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা জানান,এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৩ ঘ.
bdnews24