রাজবাড়ী, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী সদর উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার বরাট ইউনিয়নের বরাট বাজারে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, প্রতিপক্ষের অস্ত্রধারীরা সালাম মৃধা (৪৫) নামের এই ব্যক্তিকে হত্যা করেছে।
তিনি গোপন সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির লাল পতাকা গ্র"পের সঙ্গে জড়িত ছিলেন। পেশায় ছিলেন বালু ব্যবসায়ী।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বরাট বাজার এলাকার জুরান সাধুর মাজারে বাউল গানের অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৭টার দিকে একদল অস্ত্রধারী অতর্কিতে হামলা চালায়। তারা সালামকে গুলি করে এবং এলেপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
সালাম একই এলাকার হাবিল মৃধার ছেলে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) এম এ মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৪ ঘ.
bdnews24