ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কবিতা উৎসব মুক্তির উৎসব' স্লোগানকে সামনে রেখে ঢাকায় তিনদিনব্যাপি জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে জাতীয় কবিতা পরিষদের আয়োজন করা হয়। উৎসব উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক।
উদ্বোধনী বক্তব্যে তিনি দুঃশাসনকারী মেজর জেনারেল ইয়াহিয়া খান, আইয়ূব খান, জিয়াউর রহমান ও এরশাদের মধ্যে কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেন।
শামসুল হক বলেন, "শাসনের নামে দুঃশাসন বৈশিষ্ট্য তাদের সবার মধ্যেই এক ও অভিন্ন মাত্রায় লক্ষণীয় ছিল। যাদের পায়ের বুটের নিচে আমার মতো অসংখ্য প্রতিবাদী কবি সাহিত্যিকদের অতিবাহিত করতে হয়েছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু।"
তিনি বলেন, "আমরা এখনকার সময়ে সাহিত্য প্রেমীদের দেশের বাহিরের কবি সাহিত্যিকদের লেখা বই পড়তে ব্যস্ত থাকতে দেখি । অবশ্যই এটি একটি ভাল কাজ। তবে আমাদের দেশের এবং নদীর ওপার বাংলার (ভারত) বাঙ্গালিদের লেখাও পর্যাপ্ত পড়তে হবে।"
এর আগে আয়োজন উপলক্ষে হাকিম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও উৎসব পতাকা উত্তোলনের মাধ্যমে কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে পরিবেশন করা হয় একুশের গান ও উৎসব সঙ্গীত।
অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কবি রবীন্দ্র গোপ এবং ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি বেলাল চৌধুরী।
অনুষ্ঠানে ভারতের কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, "কবিরা হলেন একটি দেশের বিবেক। দেশের কোনো সংকট নিরসনে কবিরাই একত্রিত হয়ে তাদের লেখনির মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।"
এ সময় আরো বক্তব্য নেপালের কবি তুলসী দিউয়াস, ভারতের আসাম প্রদেশের কবি অরবিন্দ গুহ, উৎসব উদযাপন কমিটি আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/পিডি/২১২০ ঘ.
bdnews24