২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিমানবন্দর কেন্দ্রিক সহিংসতায় আসক'র উদ্বেগ

আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার এক বিবৃতিতে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, "আমরা অবশ্যই প্রতিবাদের এ ধরনের সহিংস রূপ সমর্থন করি না। আমরা মনে করি, যে কোনো ধরনের প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ। "অন্যদিকে আমরা এও মনে করি, এ ধরনের ব্যাপকমাত্রার উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সরকারের উচিত স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া।" "উন্নয়ন এবং জনগণের সমর্থন সমার্থক হওয়ার কথা থাকলেও দেখা যায়, উন্নয়ন প্রকল্প প্রণয়নকালে জনগণের মতামত ও সম্মতিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে এমনভাবে উন্নয়নকে সংজ্ঞায়িত করা হয় যেন এর সাথে মানুষের জীবন ও জীবিকার কোনো সম্পৃক্ততা নেই।" বিবৃতিতে বলা হয়, অনেক ক্ষেত্রেই উন্নয়ন প্রকল্প জনগণের জায়গা-জমি, বাঁচার সংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলার কারণ তাদের সমর্থন পায় না। সরকারকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৪৩ ঘ.