মৌলভীবাজার, ফেব্র"য়ারি ০১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে ডাকাতির প্রস্ততিকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজারে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজারের সোনাপুর গ্রামের তারেক আহমেদ (২০), রঘুনন্দনপুর গ্রামের রাসেল আহমেদ (১৮), রায়শ্রী গ্রামের রিংকু দেব (২২), শাহবন্দর গ্রামের তারেক আহমেদ (১৮), শ্রীমঙ্গল উপজেলা সদরের মিশন রোডের মনোয়ার হোসেন (২২) ও রূপসপুরের মতিউর রহমান রুবেল (২৩)।
এরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি কামরুল হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের বিরুদ্ধে মৌলভীবাজার ও কমলগঞ্জ থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি কামরুল বলেন, প্রাইভেটকারে করে যাওয়ার সময় দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাজার এলাকায় তাদের আটক করে স্থানীয়রা।
তিনি জানান, গত শনিবার একই এলাকায় প্রাইভেটকার নিয়ে এসে ডাকাতরা লুটপাট চালায়। এরপর থেকে ওই এলাকার মানুষ তৎপর হয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24